কয়লা-কাণ্ডে সস্ত্রীক অভিষেককে দিল্লি ডেকে পাঠাল ইডি - The News Lion

কয়লা-কাণ্ডে সস্ত্রীক অভিষেককে দিল্লি ডেকে পাঠাল ইডি

 


দি নিউজ লায়নঃ  কয়লা কাণ্ডে এ বার অভিষেক বন্দোপাধ্যায়কে নোটিস পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। তবে এ রাজ্যে নয়, দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। সূত্রের খবর, অভিষেকের পাশাপাশি তাঁর স্ত্রী রুজিরা নারুলাকেও ডেকে পাঠিয়েছে তদন্তকারী এই গোয়েন্দা সংস্থা। আগামী ১লা সেপ্টেম্বর হাজিরার জন্য ডাকা হয়েছে রুজিরাকে। তদন্তের সহযোগিতার জন্য অভিষেককে ও ডেকে পাঠানো হয়েছে ৬ই সেপ্টেম্বর। এর পাশাপাশি তিন আইপিএস অফিসারকেও তলব করা হয়েছে। ইডি সূত্রে খবর, গত বৃহস্পতিবার  অভিষেক-সহ তাঁর স্ত্রীর কাছে ইডির হাজিরার নোটিস পৌঁছে গিয়েছে। যদিও এই নিয়ে তাঁদের তরফে কোনও প্রতিক্রিয়া এখনও পর্যন্ত পাওয়া যায়নি।


কয়লাকাণ্ডে অভিযুক্ত তিন আইপিএসকে তলব করা হয়েছে। সূত্র জানাচ্ছে, আগামী ৮, ৯ এবং ১০ সেপ্টেম্বর ডেকে পাঠানো হয়েছে আইপিএস সেলভা মুরুগান, জ্ঞানবন্ত সিং ও শ্যাম সিংহকে। জুলাইয়ের শেষ আর আগস্ট মাসের শুরুতে তিন আইপিএসকে ডেকেছিল ইডি। কিন্তু ব্যক্তিগত কাজের কারণ দেখিয়ে সেই সময়ে হাজির হননি এই তিন আইপিএস। তাই আবার নোটিস পাঠানো হল তাঁদের। পরিবারের অ্যাকাউন্ট তথ্যও নিয়ে যেতে নির্দেশ দেওয়া হয়েছে তিন আইপিএসকে। অন্যদিকে, আগামী ৩ সেপ্টেম্বর অভিষেক ঘনিষ্ঠ এক আইনজীবীকেও নোটিস পাঠিয়ে ডাকা হয়েছে বলে খবর।

তবে সিবিআই-এর যে দফতরে গরু ও কয়লা মামলার তদন্ত চলছে, অর্থাৎ কলকাতার নিজাম প্যালেস অফিসে তাঁদের না ডেকে নোটিস দিয়ে সোজা দিল্লি ডেকে পাঠানোর ঘটনা কিছুটা নজিরবিহীন বলা চলে। ওয়াকিবহাল মহলের মতে, নারদকাণ্ডে তৃণমূলের দুই মন্ত্রী ও দুই প্রাক্তন মন্ত্রীকে গ্রেফতারের পর যে ধরনের বিক্ষোভ নিজাম প্যালেসের বাইরের এলাকা জুড়ে চলেছিল, তারপর আর কোনও মামলায় এ রাজ্যের শাসক শিবিরের নেতা-মন্ত্রীকে কলকাতায় বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছে না তদন্তকারী সংস্থা।


এই মামলায় অভিষেক বন্দোপাধ্যায় কে এই নিয়ে তৃতীয়বার নোটিস পাঠানো হল। কয়লা মামলার তদন্তে তাঁর সহযোগিতা চেয়ে এই নোটিস পাঠানো হয়েছে বলে খবর। এর আগে কয়লাকাণ্ডে খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে গিয়ে তাঁর স্ত্রী রুজিরা নারুলাকে সিবিআই-এর গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করেছিলেন। প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল অভিষেকের আরও এক আত্মীয়কে। যদিও কয়লাকাণ্ডে অভিষেককে এখনও পর্যন্ত সিবিআই বা ইডি-র মুখোমুখি হতে হয়নি। যদি আগামী ৬ সেপ্টেম্বর তিনি হাজিরা দেন, তবে এটাই কেন্দ্রীয় সংস্থার সঙ্গে প্রথম সাক্ষাৎ হবে।


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.